জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে গণভোটের প্রয়োজনীয়তা কী—তা সবাইকে বুঝতে হবে। তিনি বলেন, “৫ আগস্টের পর আমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ দিন আসছে আগামী ১২ ফেব্রুয়ারি। সেদিন আর রক্ত দিতে হবে না, দিতে হবে শুধু একটি শিল। এই একটি শিল ও গণভোটের মাধ্যমেই বাংলাদেশ সংস্কার, সুশাসন ও সার্বভৌমত্বের পথে এগিয়ে যাবে।”
গতকাল সোমবার বিকেল ৩টায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ফুলতল এলাকায় অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ আরও বলেন, “এত বছর সংস্কারের কথা বললেও, যখন সত্যিকার অর্থে সংস্কার প্রয়োজন, তখন বিএনপি আর সে বিষয়ে কথা বলে না। গত ১৬ বছরে দেশের মানুষ যে ধরনের স্বৈরাচার দেখেছে, গত ১৬ মাসে একটি দল নব্য স্বৈরাচারের ডামি দেখিয়েছে। আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”
সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিটির সেক্রেটারি মনিরা শারমিনের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, যুগ্ম সচিব সাগুপ্তা বুশরা মিশমা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক ও চট্টগ্রাম-৮ আসনের ১১ দলীয় জোট প্রার্থী জুবায়ের হাসান আরিফ এবং উপজেলা প্রধান সমন্বয়কারী কাজী ইয়াছিন।
পথসভায় জুবায়ের হাসান আরিফ বলেন, “বিগত সময়ে অনেকে এ দেশকে বিক্রি করার ষড়যন্ত্র করেছিল। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা তাদের এ দেশ থেকে বিতাড়িত করেছি।”তিনি আরও বলেন, “যারা বালি ও মাটির ব্যবসা করে, তাদের কাছে এ দেশের মাটি নিরাপদ নয়। এখনো কিছু দল শিক্ষা নেয়নি। আগামীতে এ দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে তা রুখে দিতে ঝাঁপিয়ে পড়বে।”
এসময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা বজায় রাখতে ১১ দলীয় জোটকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান এনসিপি নেতারা।পথসভা শেষে একটি গাড়িবহর নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানানো হয়।
আমাদের ঠিকানা নিউজ।























