কাজী জাহাঙ্গীর: চট্রগ্রাম।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে গেলেও তেলের দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এতে নতুন করে বৈশ্বিক মুদ্রাস্ফীতি ও সুদের হার বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বুধবার (৮ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৪টা ২৭ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৯ দশমিক ৯২ ডলারে, যা ২ জুলাইয়ের পর সর্বনিম্ন।একই সময়ে আগামী আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৯ দশমিক ৮০ ডলারে নেমেছে।
অন্যদিকে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৬ শতাংশের বেশি বেড়েছে। বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধি বিশ্বব্যাপী মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্তাউনুভো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তেলের দামের আকস্মিক উল্লম্ফন নতুন করে মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি করেছে। এর ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর পথে হাঁটতে পারে।
বাজার বিশ্লেষকদের মতে, সাধারণত মুদ্রাস্ফীতির সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে। তবে সুদের হার বাড়লে সুদবিহীন সম্পদ হওয়ায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়।ট্রাডু ডটকমের সিনিয়র মার্কেট বিশ্লেষক নিকোস জাবোরাস বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা এবং সুদের হার বৃদ্ধির সম্ভাবনার কারণে স্বর্ণের বাজারে চাপ অব্যাহত থাকতে পারে।
শুধু স্বর্ণই নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম ২ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৮ দশমিক ৪৫ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম ৪ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৫৭৪ দশমিক ৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৯ শতাংশ কমে ১ হাজার ২১৪ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে।
দেশে স্বর্ণের বর্তমান দাম---
দেশের বাজারে এখন ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
amadertikana.com