চট্টগ্রামের টেরি বাজারে একটি বহুতল ভবনে আগুন লাগার পর ধোঁয়ায় দমবন্ধ হয়ে ২ জনের প্রাণ গেছে।আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর টেরিবাজারের বক্সির বিটের কাছে অর্কিড প্লাজা নামে ১২তলা ওই ভবনের চতুর্থ তলায় একটি দোকানে আগুন লাগে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৩ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।বেলা পৌনে ১২টার দিকে সেখানে দুজনের মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান।

মৃত দুজন হলেন মো, ইউনূস (৫২) ও সোলায়মান (২৮)। তাদের দুজনেরই বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।অসুস্থ অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে এসআই নুরুল আলম জানিয়েছেন।আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার খবর পাওয়ার পর তাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে আগুন নেভায়।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, আগুনে অর্কিড প্লাজার চতুর্থ তলার টেইলারিং শপ, কাপড়ের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে।তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ওই বহুতল ভবনের বিভিন্ন তলায় তৈরি পোশাক, টেইলারিং শপ, কাপড়সহ বিভিন্ন দোকান রয়েছে। এর মধ্যে ভবনের পঞ্চম তলা থেকে দুইজন এবং ষষ্ঠতলা থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল।
আমাদের ঠিকানা নিউজ।